সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করার আহ্বানে বাসদের কনভেনশন
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
ফ্যাসিবাদের বিলোপ ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সমাজতন্ত্রের সংগ্রাম বেগবান করার আহ্বানের মধ্য দিয়ে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) তৃতীয় কেন্দ্রীয় কনভেনশন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৩টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এ কনভেনশন অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ছাড়াও ভারত, শ্রীলঙ্কা ও নেপালের বামপন্থি রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন।
বাসদের (মার্কসবাদী) কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানার সভাপতিত্বে কনভেনশন সঞ্চালনা করেন কেন্দ্রীয় সমন্বয়ক কমিটির সদস্য জয়দীপ ভট্টাচার্য। এতে বক্তব্য দেন ভারতের সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অব ইন্ডিয়ার (কমিউনিস্ট) সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ, শ্রীলঙ্কার ফ্রন্টলাইন সোশ্যালিস্ট পার্টির কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক পুবুদু জয়াগোদা, নেপালের কমিউনিস্ট পার্টি (মাওবাদী)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য নরেন্দ্র বাহাদুর সিং এবং দেশটির বামপন্থি বুদ্ধিজীবী কুমার উপাধ্যায়।
কনভেনশনে মাসুদ রানা বলেন, ফ্যাসিবাদের বিলোপ ও বৈষম্য নিরসনের আকাঙ্ক্ষা নিয়ে গণ-অভ্যুত্থান সংঘটিত হলেও তা বাস্তবায়িত হয়নি। বরং অন্তর্বর্তী সরকার ও বর্তমান সরকারের শাসনামলে সেই আকাঙ্ক্ষা পদদলিত হয়েছে। গণ-অভ্যুত্থানে তার দল সর্বশক্তি নিয়ে অংশগ্রহণ করেছে। আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধেও রাজপথে সক্রিয় আন্দোলন করেছে।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় চট্টগ্রাম সমুদ্রবন্দরের টার্মিনাল ইজারা দেওয়া, শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্যের দাবিতে তারা আন্দোলন করেছেন। শোষণহীন সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা ছাড়া মানুষের মুক্তি সম্ভব নয়। এ কারণে শ্রমিক-কৃষক ও মেহনতি মানুষের দাবিতে তাদের আন্দোলন অব্যাহত রয়েছে।
মাসুদ রানা আরও বলেন, রাষ্ট্রীয় কারখানা বেসরকারি খাতে ছেড়ে দেওয়া, বিদ্যুৎ বিতরণ ও জ্বালানি আমদানিসহ বিভিন্ন খাত বেসরকারীকরণের বিরুদ্ধে তারা লড়াই করছেন। বামপন্থি দলগুলোকে সঙ্গে নিয়ে মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতেও আন্দোলন চলছে। গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়িত না হওয়ায় সাম্প্রদায়িকতা ও মৌলবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। এর বিরুদ্ধে তাদের লড়াই অব্যাহত থাকবে।
তিনি বলেন, দেশে প্রকৃত বিপ্লবী দল গড়ে তোলা এবং সেই দলের নেতৃত্বে গণআন্দোলন সংগঠিত করা প্রয়োজন। অন্যথায় কোনো আন্দোলনই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবে না।
কনভেনশনে সারা দেশ থেকে কৃষক, শ্রমিক, ছাত্র, যুবক, নারী, বিভিন্ন জাতিসত্তা ও দলিত জনগোষ্ঠীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এর আগে জাতীয় প্রেস ক্লাব থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং শহীদদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়।
এ ছাড়া কনভেনশনে অংশ নেওয়া আন্তর্জাতিক অতিথিদের ক্রেস্ট ও দলীয় পতাকা উপহার দেন আয়োজকরা। এ সময় তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন